প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১০ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে নতুন করে তুলতে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশন (ইসি) এ উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হারানো এনআইডি তুলতে জিডির বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। একই সঙ্গে এনআইডি সেবা আরও সহজ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, নাগরিকরা দীর্ঘদিন ধরে জিডির ঝামেলা নিয়ে অভিযোগ করে আসছিলেন। অনেক সময় থানায় গিয়ে জিডি করতে হয়রানির শিকার হতে হতো। তাই প্রক্রিয়াটি সহজ করতে এই পরিবর্তন আনা হয়েছে।
এর আগে, এনআইডি হারালে নতুন কার্ডের জন্য আবেদন করতে হলে থানায় জিডি করে তার কপি জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। এখন থেকে সরাসরি অনলাইনে বা ইসি কার্যালয়ে গিয়ে আবেদন করা যাবে।
এদিকে, ইসি জানিয়েছে গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ