প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:২০ AM

রাজধানীর কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হলে তা নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ধাপে ধাপে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ওপরও আক্রমণ চালানো হয়, এতে কয়েকজন আহত হন।
আইএসপিআর জানায়, আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। কিন্তু বারবার অনুরোধ উপেক্ষা করে কিছু নেতাকর্মী মব ভায়োলেন্সে জড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে মশাল মিছিল বের করে তারা সহিংসতা বাড়ায়, ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এতে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্তের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রস্তুত।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ