প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৭:৩২ PM

সংগৃহীত ছবি
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ প্রধান শিক্ষকের শতভাগ পদে পদোন্নতি, ১১তম গ্রেডে বেতন নির্ধারণ এবং উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা সমাধানের দাবিতে ৩০ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করছে।
‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ’ এর সভাপতি আনিসুর রহমান বলেন, “আমরা গত মে মাসে তিন দফা দাবিতে ধারাবাহিক কর্মবিরতি শুরু করি। সেই সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু কয়েক মাস পার হলেও কোনো কার্যকর পদক্ষেপ হয়নি। তাই আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি।”
সহকারী শিক্ষকরা দাবি করছেন, এন্ট্রি পদ হিসেবে তাদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করা হোক, চাকরির ১০ বছর ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা সমাধান করা হোক এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দ্রুত বাস্তবায়ন করা হোক।
এই দাবিতে তারা ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন।
তাদের আন্দোলনের ধাপ ছিল—৫-১৫ মে দিনে ১ ঘণ্টা, ১৬-২০ মে ২ ঘণ্টা, ২১-২৫ মে অর্ধদিবস কর্মবিরতি। পরে ২৯ মে সচিবালয়ে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলে ২৫ জুন পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭। এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।