প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:২৬ AM আপডেট: ১৭.০৮.২০২৫ ২:২৭ এএম

কক্সবাজারে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর একটি মেডিক্যাল হেলিকপ্টারে করে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
তিশা আরও লিখেছেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।
শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তার শরীর থেকে ক্রমশ ঘাম বের হতে থাকায় চিকিৎসকদের পরামর্শে সফর বাতিল করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, হঠাৎ ফুড পয়েজনিংয়ের ফলে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ভালো অনুভব করছিলেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ শারীরিক অবনতি অনুভব করলে তিনি ঢাকায় ফিরে যেতে মনস্থির করেন। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে রাতেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার তিনি পাঁচ দিনের সফরে কক্সবাজার আসেন। এসময় সংস্কৃতি হাব প্রতিষ্ঠা ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তার।
স্বদেশ প্রতিদিন/ আরএফ