প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩:৩৪ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৩:৫৬ PM

সংগৃহীত ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে কোনো যোগাযোগ নেই।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘বিষয়টা এখনো যেহেতু তদন্তাধীন আছে, অনুসন্ধান চলছে, তাই মন্তব্য করা উচিত না। তারপরও যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং আমার নামটা আসার পর আমি অবাকই হই।’’
তিনি বলেন, ‘‘জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। ২০২২ সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে সম্ভবত সে ছিল। তখন চিনতাম। কিন্তু গত ২০২৪ সালের ৫ আগস্টের পরে তার সঙ্গে আমার কখনো কথা বা দেখা হয়নি।’’
আসিফ মাহমুদ আরো বলেন, ‘‘এই ধরনের একটা অভিযোগ আসার পর আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম। আজকে কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম, একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি, আসলে কী ঘটনা।”
এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক।”