প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:৩৩ AM

সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
গতকাল সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আহত হন অন্তত ২৫ জন। এ ছাড়া বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে কয়েকজনকে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত কয়েকজন বলেন, “তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি। এ সময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামে স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদের (বর্তমানে পৌরসভা) চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে।”
এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে যায়। আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেনেছি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।”