প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৫:৫৭ PM

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর জানাজায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ হাজারো মানুষ অংশ নেন। তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য নগরের উপশহরের ভাড়া বাসা, কবরস্থান এবং স্টেডিয়াম এলাকায় শত শত নারী-পুরুষ ভিড় করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা।
এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তৌকির সাগরের মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে পৌঁছে দেওয়া হয়।
মরদেহ বাসা থেকে জেলা স্টেডিয়ামে নেওয়া হয় জানাজার জন্য। পরে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হয় পূর্ণ সামরিক মর্যাদায়।
গতকাল সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর নিহত হন। এ ঘটনায় আহত হন স্কুলের অনেক শিক্ষার্থীও।
তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হলেও তিনি দীর্ঘদিন রাজশাহীতে বসবাস করছিলেন। তিনি নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন এবং এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন।
স্বদেশ প্রতিদিন/এমএম