প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩৩ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৭:৪০ PM

সংগৃহীত ছবি
পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে নৈরাজ্যকারীদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মব সৃষ্টিকারীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
আজ শনিবার (১২ জুলাই) গুলশানে ‘জুলাই আন্দোলন’ উপলক্ষে শহীদ পরিবারের সঙ্গে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তারেক রহমান প্রশ্ন তোলেন, “যারা মব তৈরি করছে, তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সঙ্গে লক্ষ করেছি, স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করতে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তবে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? প্রশাসনের কোনো কারও কারও কোনো প্রশ্রয় আছে?”
তিনি বলেন, “সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?”
তিনি আরো বলেন, “অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। এখনো নতুন ভূত জন্ম হচ্ছে। সবাইকে বলব সচেতন হোন, না হয় দেশকে টিকিয়ে রাখা কঠিন হবে। ন্যায়কারী যেই হোক, কোনো প্রশ্রয় দেবে না বিএনপি।”
সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্বাস দিয়ে বলেন, “আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষের অধিকার রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তার বিচার যাতে সুষ্ঠুভাবে হয়, তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে।”
স্বদেশ প্রতিদিন/ এমএএম