প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২:৫৪ পিএম

সংগৃহীত ছবি
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কিছু অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকিও দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারি বৃষ্টি হতে পারে।’’
এছাড়াও, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির ফলে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
অন্য এক সতর্ক বার্তায় বলা হয়েছে, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।’’
উল্লেক্ষ্য, এসব পরিস্থিতিতে সংশ্লিষ্ট ১৫ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এমএএম