প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:১০ পিএম

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিবদের ভূমিকাই এ তদন্তের আওতায় থাকবে।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আয়ুব মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।
কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, “বেশ কয়েকটি বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করা সম্ভব হবে।”
প্রধান উপদেষ্টা বলেন, “জনগণ এখন জুলাই সনদের জন্য অপেক্ষা করছে। আশা করছি, আগামী মাসের মধ্যেই এটি উপস্থাপন করা যাবে।”
লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, “প্রবাসী বাংলাদেশিরা সংস্কার প্রক্রিয়া ও ভোটাধিকার নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটসহ অন্যান্য বিকল্প নিয়ে ভাবতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে হবে।”
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “সব রাজনৈতিক দলই একমত হয়েছে, অতীতের বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের ভূমিকা খতিয়ে দেখা দরকার। জবাবদিহিতার জন্য তদন্ত অপরিহার্য।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ