প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৪:৫০ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ৬:৪৪ PM

দুই মামলায় রিমান্ড শেষে জেলহাজতে মমতাজ বেগম
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুই মামলায় রিমান্ড শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আইভি আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত একটি হত্যা মামলায় এবং এরপর দুই দিনের রিমান্ডে নাশকতার মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
সিংগাইর থানার তদন্ত কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান, হত্যা মামলায় রিমান্ডে থাকা অবস্থায় মমতাজ বেগমের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব যাচাই-বাছাই করে তদন্ত এগিয়ে নিচ্ছি।
অন্যদিকে, হরিরামপুর থানার ওসি মো. মমিন খান বলেন, ‘দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। বিষয়গুলো তদন্তাধীন।’
২০১৩ সালে ধর্মভিত্তিক দলগুলোর ডাকা হরতালে মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। এই ঘটনায় ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, হরিরামপুরে এক রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন একটি নাশকতার মামলা দায়ের করেন, যেখানে মমতাজ বেগম অন্যতম আসামি।
বর্তমানে মমতাজ বেগম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মামলাগুলোর তদন্ত চলছে, এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালতের পরবর্তী নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম