প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১০:২৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত কারা মুক্তিতে সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় শতাধিক এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া উপজেলা জামায়াতের নির্দেশে নয়টি ইউনিয়নে স্থানীয় জামায়াত নেতাদের উপস্থিতিতে মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মোস্তফা বলেন, 'দীর্ঘ ১৪ বছর আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম পতিত সরকারের ফরমায়েশি সাজা থেকে বেকসুর খালাস পাওয়ায় আমরা শোকরানা নামাজ আদায় করেছি। নিঃশর্ত কারা মুক্তিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও উপজেলার নয়টি ইউনিয়নে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।'
পৌর জামায়াতের আমীর মাওলানা মো: কালিম উল্যাহ বলেন, 'আমাদের প্রাণের স্পন্দন মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে সাজানো অভিযোগে ফরমায়েসী রায়, আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই আমরা শোকরানা নামাজ ও দোয়ার আয়োজন করেছি।'
এতিমদের মাঝে খাবার বিতরণে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলার আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা, কর্মপরিষদ সদস্য খুরশিদ আলম, মাওলানা আবদুল জলিল প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেএইচ