প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ১৫.০৫.২০২৫ ২:৪৬ PM

কমনওয়েলথ শর্ট স্টোরি পুরস্কার ২০২৫-এর পাঁচজন আঞ্চলিক বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এ ক্যাটাগরিতে এশিয়া অঞ্চল থেকে বিজয়ী হয়েছেন বাংলাদেশের লেখক ফারিয়া বাশার। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি লেখক এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারের আঞ্চলিক পর্যায়ে জয়ী হলেন।
আজ বৃহস্পতিবার (১৫ মে) কমনওয়েলথ ফাউন্ডেশনের ওয়েবসাইটে আঞ্চলিক বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ফারিয়া বাশার তার পরাবাস্তব গল্প ‘অ্যান আই অ্যান্ড আ লেগ’-এর জন্য এশিয়া অঞ্চলের সেরা ছোটগল্পকার হিসেবে জয়ী হয়েছেন। এই বছর রেকর্ড ৭ হাজার ৯২০ জন প্রতিযোগীর মধ্য থেকে পাঁচ অঞ্চলের বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।
ফারিয়া বাশার বাংলাদেশি বংশোদ্ভূত লেখক। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ফিলিপাইন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ২৫ বছর বয়সী এই লেখক।
এ বছর পুরস্কারের জন্য ৭,৯২০টি গল্প জমা পড়ে। সেখান থেকে বিচারকদের কঠোর যাচাই-বাছাইয়ে পাঁচ অঞ্চলের সেরা লেখক নির্বাচিত হয়েছেন।
অন্য অঞ্চলের বিজয়ীরা হলেন, জোশুয়া লুবওয়ামা (উগান্ডা), চ্যানেল সাদারল্যান্ড (কানাডা/সেন্ট ভিনসেন্ট), সুবরাজ সিং (গায়ানা), ক্যাথলিন রিজওয়েল (অস্ট্রেলিয়া)।
এই পাঁচজন আঞ্চলিক বিজয়ী এখন চূড়ান্ত পর্বের বিচার পর্যায়ে প্রতিযোগিতা করবেন। ২০২৫ সালের ২৫ জুন বিশ্বের সবচেয়ে গ্লোবাল সাহিত্য পুরস্কারের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর সাহিত্য সাময়িকী গ্র্যান্টাতে প্রকাশিত হবে তাদের গল্প।
উল্লেখ্য, এশিয়া অঞ্চল থেকে আগে কখনো কোনো বাংলাদেশি লেখক আঞ্চলিক বিজয়ী হতে পারেননি। এর আগে শুধু সংক্ষিপ্ত তালিকায় ছিলেন, সুমন রহমান (২০১৬), ইমরান খান (২০১৮), সাগুফতা শারমীন তানিয়া (২০২২), আরমান চৌধুরী (২০২৩)।
স্বদেশ প্রতিদিন/এমএম