প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:০৩ পিএম

পটুয়াখালীর বাউফলে পরিবারের সঙ্গে অভিমান করে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ রেজাউল (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (০৮মে) উপজেলার ওলিপুরা বাজার মসজিদ সংলগ্ন পরিত্যক্ত গাছের ওপরে অচেতন অবস্থায় তাকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
গত ২১ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। গত সপ্তাহে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার শরীর থেকে একাধিক ছররা গুলি বের করা হয়। আর্থিক অনটন সংক্রান্ত বিষয় নিয়ে মা-বাবার ওপরে অভিমান করে বিষপান করেছেন বলে জানান এই ভুক্তভোগী।
বাড়ির কাজ করতে নিষেধ থাকা, নিয়মিত কিস্তির চাপ, গর্ভবতী স্ত্রী এবং নিজের চিকিৎসা সব মিলিয়ে সংকটে দিন কাটাচ্ছেন বলে জানান রেজাউল। বাবা-মায়ের কাছে টাকা চেয়ে সাহায্য না পাওয়ায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান বলেন, রেজাউলের পকেট থেকে একটি ইদুর মারার ওষুধ উদ্ধার করা হয়েছে। তার মুখ দিয়ে লালা বেরোচ্ছিলো। আমরা তাকে স্টমাক পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠিয়েছি।
স্বদেশ প্রতিদিন/আইএমএস