প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৩:৫৭ পিএম

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুই অতিরিক্ত কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
বুধবার (২৩ এপ্রিল) কর শাখা-২ এর সহকারী সচিব জাকির হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদ মাহমুদুজ্জামান, যিনি কর আপিল অঞ্চল, রাজশাহীর কমিশনারের চলতি দায়িত্বে ছিলেন; এবং মো: শফিকুল ইসলাম আকন্দ, যিনি কর আপিল অঞ্চল-১, ঢাকার কমিশনারের দায়িত্বে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তারা সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ করেছেন এবং জনস্বার্থে অবসর দেওয়া প্রয়োজন মনে করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে তারা নিয়ম অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন।’
সূত্র মতে, মাহমুদুজ্জামান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। অন্যদিকে শফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে এর আগে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল, যার জেরে একবার তাকে সাময়িক বরখাস্তও করা হয়।
এর আগে, ১৭ এপ্রিল আরও দুই কর কমিশনার- গোলাম কবীর ও আবু সাঈদ মো. মুস্তাক-কেও একইভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজস্ব খাতে স্বচ্ছতা আনতে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান চালাচ্ছে সরকার। অভিযানে অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম