প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০:২৪ পিএম

বাঙালি প্রাণের উৎসব নববর্ষ উপলক্ষেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় পয়লা বৈশাখ উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিল শেষে এক সমাবেশ এ মন্তব্য করেন তিনি।
দুলু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি এই পয়লা বৈশাখ আসলেই শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা র্যাব-পুলিশ দিয়ে এমন একটি অবস্থা সৃষ্টি করতো যা সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানুষকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করতো।
পয়লা বৈশাখ উপলক্ষে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান সবাইকে ঐক্যমত তৈরীর নির্দেশ দিয়েছেন। তবে আমাদের তা ভুলে গেলে চলবে না যে, নাটোরে যারা আমাদের রক্ত ঝড়িয়েছে, আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। নাটোরের অবৈধ সন্ত্রাসী এমপি গোপনে আস্ফালন করার চেষ্টা করছে। এই সন্ত্রাসীকে দমনে নাটোরের বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এই সন্ত্রাসীদের বিচার নাটোরের মাটিতেই হবে।
এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি