প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৯:০৯ AM

রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।
সোমবার (৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি জানান, ভোর ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের একটি ৫ তলা ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটে চেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও লালবাগ ২টি ইউনিট কাজ করেছে।
মো. শাহজাহান আরো জানান, ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের শিকার দোকানটির পাশের ‘রিয়েল উড’ নামে ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ