প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১১:২৯ AM

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম নৌপথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া। তবে এবার একদমই ব্যতিক্রম। ঈদের দুই থেকে তিন দিন বাকি থাকলেও যাত্রী ও যানবাহনের চাপ তেমন নেই। কখনো যাত্রীর দেখা মিললেও আবার কখনো ঘাট পুরোটাই ফাঁকা। এছাড়াও পর্যাপ্ত ফেরি থাকার কারণে ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে।
শনিবার সকাল থেকে এমনই চিত্র দেখা গেছে পাটুরিয়া ফেরিঘাটে। কয়েক বছর আগেও যেখানে ফেরির অপেক্ষায় থাকতো হাজারও যাত্রী, এবারের ঈদযাত্রায় যানবাহনের জন্য ফেরিকে অপেক্ষা করতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, এবার ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে।
সংস্থাটিরর আরিচা অঞ্চলের এজিএম আব্দুস সালামের মতে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ৪০ শতাংশ যানবাহন কমে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। ফলে গত কয়েক বছর ধরে ঈদে যানবাহনের বাড়তি চাপ নেই। তবে ঈদের দু’একদিন আগে যানবাহন এবং যাত্রীর চাপ বাড়লেও পর্যাপ্ত পরিমাণ ফেরি থাকায় ঘাট এলাকায় কোনো ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে না যাত্রীদের।
স্বদেশ প্রতিদিন/এনআর