প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৭:০৫ পিএম

১৭ মামলার আসামি সন্ত্রাসী সাজ্জাদের সাথে স্ত্রী তামান্না। ইনসেটে ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি।
ঢাকা থেকে ১৭ মামলার আসামি সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাঁর স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে তামান্না শারমিনকে বলতে দেখা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’
সাজ্জাদ হোসেনকে ১০ থেকে ১২ দিনের মধ্যে জেল থেকে ছাড়িয়ে আনবেন বলে জানান তামান্না। তিনি আরও বলেন, ‘আমার জামাই গতকাল (শনিবার) রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যাঁরা ভাবতেছেন, আর কোনো দিন বের হবে না, তাঁদের জন্য এক বালতি সমবেদনা।’
ভিডিওতে প্রতিপক্ষকে হুমকি দিতে দেখা গেছে তাকে। তিনি বলেন, ‘এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন। ’
সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। গতকাল শনিবার ১০টার দিকে ঢাকার একটি শপিং মলে সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানার–পুলিশ। এর আগে তাঁকে ধরার জন্য গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ হাসিব আজিজ। তারও আগে সাজ্জাদ হোসেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন।
গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা–পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন। গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।
এদিকে দুর্ধর্ষ এই সন্ত্রাসী যাতে সহজে বেরিয়ে আসতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাংগীর আলম। গ্রেপ্তারের পর সাজ্জাদকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
স্বদেশ প্রতিদিন/এনআর