প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩৫ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল লতিফ দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ দীর্ঘদিন ধরে দুই নারীকে দিয়ে দেহব্যবসা পরিচালনা করছিলেন। স্থানীয়রা তার এই কর্মকাণ্ড সন্দেহ করে এবং নজরদারি শুরু করে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) খাঁয়েরপাড়া এলাকায় তাকে দুই যৌনকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তবে সুযোগ বুঝে আব্দুল লতিফ পালিয়ে যান।
স্থানীয়রা দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তারা জনসমক্ষে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। যদিও লতিফ এই অভিযোগ অস্বীকার করে জানান যে, কয়েকজন আওয়ামী পন্থি ব্যক্তি তার বিরুদ্ধে রাজনৈতিক শত্রুতা মেটাতে অপপ্রচার চালাচ্ছে।
এ ঘটনায় রাতেই উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ছানা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেনের স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, "পুলিশের কাছে দুটি নারীকে সোপর্দ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ঘটনার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর