প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৬:৪৫ পিএম
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগ আয়োজন করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ভাষা অলিম্পিয়াড ‘বেকম্যানস থার্ড ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ’।
২০১৯ এবং ২০২২ সালে অনুষ্ঠিত পূর্ববর্তী দুটি ভাষা লিগের সাফল্যের উপর ভিত্তি করে সারা দেশে পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই বছরের ইভেন্টটি আরও জাঁকজমকপূর্ণ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে এক সংবাদ সম্মেলনে ‘বেকম্যানস থার্ড ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ’- এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান ড. এ কিউ এম এ রহমান ভূঁইয়া, আকিজ বেকারস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার ও সিনিয়র লেকচারার মেহেদী হাসান।
এনএসইউ আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ভাষা শেখা এবং ইংরেজি, বাংলা ও অন্যান্য ভাষার দক্ষতা মূল্যায়ন করা। ২০১৯ সালে ইভেন্টটি ইংরেজি, বাংলা এবং চীনা ভাষা নিয়ে করা হয়। পরের বছর, জার্মান এবং ফরাসি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ বছর উৎসবটি নতুন উচ্চতায় পৌঁছে দিতে ও দেশের ভাষাগত বৈচিত্র্যকে তুলে ধরতে বাংলাদেশি আদিবাসী ভাষা সংযোজন করা হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণ জুনিয়র থেকে তৃতীয় স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এই বছর প্রাথমিক স্তর (প্রথম শ্রেণি) থেকে তৃতীয় স্তরের (বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
বিভাগীয়, সেমি-ফাইনাল এবং ফাইনাল এই তিনটি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে- স্পেলিং বী, গ্রামার, ওয়াল ম্যাগাজিন, ডিবেট, পাবলিক স্পিকিং, শর্ট স্টোরি রাইটিং এবং হ্যান্ড রাইটিং।
‘বেকম্যানস থার্ড ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ’-এর বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে: http://www.languageleague.info/। প্রতিযোগিতাটি ভাষার দক্ষতা প্রচার এবং বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে একটি স্মরণীয় ইভেন্ট হয়ে থাকবে। এটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা প্রদর্শন এবং দেশের ভাষার বৈচিত্রগত উপলব্ধি বাড়ানোর একটি প্ল্যাটফর্ম হবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশপ্রতিদিন/এমএস