ইউক্রেনে একটি ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রাশিয়ার বেশ কিছু সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের বার্দিয়ানস্কে একটি হোটেলে হামলায় লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ মারা গেছেন বলে জানা গেছে। ওই হোটেলটি রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। খবর বিবিসির।
ওই জেনারেলের মৃত্যুর বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ার যুদ্ধ সম্প্রচার করা চ্যানেলগুলো ব্যাপকভাবে এই খবর প্রচার করছে। একটি টিভি চ্যানেলের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেন, প্রায় সব মিডিয়াতেই এই খবরটি প্রচার করা হয়েছে।
রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সোকভ। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম রোশিয়া-১ চ্যানেলে টক শো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।
গত মঙ্গলবার টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভার জনপ্রিয় ৬০ মিনিট শোতে উপস্থিত ছিলেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ। তিনি বলেন, সংঘাতের শুরুতেই মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও জেনারেল ওলেগ সোকভ সম্প্রতি ইউক্রেনে ফিরে গিয়েছিলেন।