প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:০৯ পিএম

পাবনায় মাদ্রাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আদর্শ শিক্ষক তৈরির লক্ষ্যে আচার-আচরণ, আদর্শ, নীতি-নৈতিকতা, নিজেদের দক্ষ, আধুনিক প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা এবং আরবি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা কেমন হবে, হওয়া উচিত—এসব বিষয়ের ওপর পাবনায় উলামায়ে কেরামগণের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পাবনা ও আশপাশের কয়েকটি জেলার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের অংশগ্রহণে ২০ অক্টোবর, মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে পাবনা শহরের মেরিল বাইপাসে অবস্থিত নূরজাহান কমিউনিটিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুফতি ইমরান খান হাফি.-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, আমাদের পরিচয় মানুষ, আর মানুষ হিসেবে আমরা সকল ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে চলব। আমরা ভাগ্যবান যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম ইসলাম ধর্মের মানুষ। তবে কোনো ধর্মকে ছোট করব না। এ দেশে নানা জাতি-ধর্মের মানুষের বসবাস। সবাই সবাইকে ভালোবাসার মাধ্যমে আমাদের নীতি-নৈতিকতা ছড়িয়ে দেব, তবেই আমরা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারব।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকার আবু হুরায়রা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মুসা খান দা.বা.। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পাবনা, নাটোর, বগুড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলার ১২০টি মাদ্রাসার ২৫০ জনের অধিক শিক্ষক ও পরিচালক উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ছাত্র-শিক্ষকের একে অপরের প্রতি সম্মানবোধ, যত্নশীলতা ও মর্যাদার পাশাপাশি পাঠদান সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (গোপনীয়) ও জেলা ত্রাণ ও পুনর্বাসন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা গাজী মো. দিদারুল ইসলাম এবং পাবনার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও পরিচালক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ