প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম আপডেট: ১৭.০৯.২০২৬ ৭:০৬ PM

আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো ভোটের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। ভোটের ধাপের সংখ্যাও কমানো হতে পারে। তবে আগামী বছরের ৬ জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
পরীক্ষার সময় বিবেচনায় রাখবে কমিশন
নির্বাচন কমিশনার জানান, ভোটের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে যাতে শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় ওই সময়ে ভোট আয়োজন নিয়ে কিছুটা জটিলতা রয়েছে।
তিনি বলেন, জানুয়ারিতে ভোট আয়োজনের জন্য সময় পাওয়া যেতে পারে। তবে ওই সময় রোজা থাকায় বিষয়টি নিয়েও কমিশনকে ভাবতে হচ্ছে।
শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশন আরও কয়েক দফা বৈঠক করবে বলে জানান সানাউল্লাহ। এসব বিষয় পর্যালোচনার পর কমিশনের সভায় ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের চূড়ান্ত সময়সূচি জানানো হবে। বিভিন্ন বাস্তবতা বিবেচনায় নিয়ে ভোটের ধাপ ও সময়সূচি ঠিক করবে কমিশন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ