
আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
সৌদির সঙ্গে যোগাযোগ জোরদার
ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনাও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এজেন্সির অব্যবস্থাপনায় দুই হাজি যেতে পারেননি
গতবার একটি হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুইজন হজযাত্রী সময়মতো হজে যেতে পারেননি বলে জানান ধর্মমন্ত্রী। পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়।
বিনামূল্যে পানির বোতল ও লাগেজ র্যাপিং
হাজিদের সেবার বিষয়ে কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, গতবার সরকার বিনামূল্যে ১ লাখ পানির বোতল সরবরাহ করেছে। পাশাপাশি হাজিদের লাগেজ র্যাপিংয়েও কোনো অর্থ ব্যয় করতে হয়নি; পুরো কার্যক্রম সরকারের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি।
বাড়বে হজ গাইডদের পুরস্কার
হজ গাইডদের সেবার মান আরও বাড়ানোর আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভালো কাজ করলে ভবিষ্যতে তাদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে আরও বড় পরিসরে পুরস্কৃত করার কথাও জানান তিনি।
এবার শ্রেষ্ঠ হজ গাইডদের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে বলে জানান ধর্মমন্ত্রী।
সাশ্রয় হওয়া অর্থ হস্তান্তর
অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে ধর্ম মন্ত্রণালয়।
স্বদেশ প্রতিদিন/আরএম