প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ AM আপডেট: ০৫.০৯.২০২৬ ১:১০ PM

ভারতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অননুমোদিত ব্যক্তি বা এজেন্টরা ভিসাপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে বলে সতর্ক করেছে হাইকমিশন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
হাইকমিশন জানিয়েছে, দালালরা অনেক সময় ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভিসাপ্রত্যাশীদের আকৃষ্ট করে। এসব দাবি করে তারা আবেদনকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করতে পারে।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীদের অর্থের পাশাপাশি ভিসা আবেদনের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং মূল্যবান সময়ও ক্ষতির মুখে পড়তে পারে। তাই ভিসা সংক্রান্ত যেকোনো বিষয়ে সতর্কতা অবলম্বন করা এবং অননুমোদিত ব্যক্তির ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা উচিত নয়। বিশেষ করে ভিসা পাওয়ার নিশ্চয়তা বা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে বিষয়টি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। ভিসা প্রক্রিয়ায় প্রতারণার ঝুঁকি এড়াতে আবেদনকারীদের সরকারি নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ভিসাপ্রত্যাশীদের জন্য হাইকমিশনের এই সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো দালালচক্রের প্রতারণা থেকে আবেদনকারীদের সুরক্ষিত রাখা এবং ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছ ও নির্ধারিত নিয়ম অনুসরণে উৎসাহিত করা।
স্বদেশ প্রতিদিন/আরএম