| শিরোনাম: |

সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে পৃথক অভিযান চালিয়ে দুই দিনের মধ্যে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় জিরা, পেঁয়াজ, গরু এবং বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির টহলদল কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ধানের তুষভর্তি একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রাকটি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। তল্লাশিতে ধানের তুষের নিচে লুকানো ৫ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। ট্রাকসহ জিরার মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) সুরাইঘাট, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৬০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ কেজি জিরা, ২টি গরু, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং ২টি পিকআপ জব্দ করে। এই মালামালের সিজারমূল্য ছিল ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
বিজিবি জানিয়েছে, দুই দিনের অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা সমস্ত মালামাল কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ