প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করেছেন, যার ফলে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। তবে আদালত স্পষ্ট করেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, বরং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।
রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ। বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।
আদালত রায়ে উল্লেখ করেছে, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগে করা রিভিউ আবেদন মঞ্জুর করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হলো। আইনজীবীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
শুনানি অক্টোবর ও নভেম্বর মাসে মোট ১০ দিনে অনুষ্ঠিত হয়। রিটকারীদের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া, এহসান এ সিদ্দিক, শিশির মনির, এস এম শাহরিয়ার, জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মাধ্যমে ১৯৯৬ সালে প্রবর্তিত হয়। এর বৈধতা নিয়ে দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলেছে। হাইকোর্ট ২০০৪ সালে এটিকে বৈধ ঘোষণা করেন। পরে ২০১১ সালে আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। এছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও রায় পুনর্বিবেচনা চাওয়া হয়েছে।
এ রায়ের ফলে জনমনে বিভ্রান্তি দূর হয়েছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরবর্তী নির্বাচনের জন্য প্রযোজ্য হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে