| শিরোনাম: |

সরকার সম্প্রতি প্রত্যাহার করা ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে নতুন দায়িত্ব দিয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রথম প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার ডিসিদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়। তাদেরকে পরিকল্পনা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে পাবনা, রংপুর, মাদারীপুর, বাগেরহাট, যশোর, ভোলা, কুড়িগ্রাম, বরগুনা, সিরাজগঞ্জ, বরিশাল এবং রাঙামাটির ডিসিদের পদায়ন করা হয়। তারা ভূমি মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
২০ জন ডিসির এই রদবদলকে সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ পদে যোগদান করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ