প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৬:৫৮ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) স্বায়ত্তশাসন পাচ্ছে।
তিনি বলেন, “এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের নয়, সব মানুষের।”
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার বিজয়ী শিশুশিল্পীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা বলেন, বিটিভি যেন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, তাই এটি নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। বিটিভি কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না।
তিনি আরও জানান, নতুন রিয়েলিটি শো এবং বিভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের জন্য নতুন অনুষ্ঠান চালু করা হবে, যা ধারাবাহিকভাবে চলবে।
বিজয়ী নতুন কুঁড়িদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “তাদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সকলকে অনুপ্রাণিত করে। নতুন কুঁড়িরাই নতুন বাংলাদেশের পতাকা বহন করবে, এবং সংস্কৃতি ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, সচিব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিজয়ী শিশুশিল্পী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে