| শিরোনাম: |

ফেনীর পরশুরাম উপজেলার রাঙ্গামাটিয়া সীমান্তের শূন্যরেখা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশের পাঁচটি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গরুগুলো নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
গ্রামের কৃষকরা প্রতিদিনের মতো পশ্চিম রাঙ্গামাটিয়া এলাকার সীমান্তসংলগ্ন মাঠে গরু চরাতে দেন। কিন্তু সন্ধ্যায় গরু ঘরে ফিরিয়ে আনতে গিয়ে তারা দেখতে পান—গরুগুলো নেই। পরে বিষয়টি জানানো হয় বিজিবির সুবার বাজার বিওপিকে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গরুগুলো সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বিএসএফ সেগুলো আটক করেছে।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “গরুগুলো শূন্যরেখা অতিক্রম করেছিল বলে বিএসএফ আটক করেছে। আমরা ইতোমধ্যে গরুগুলো ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ