প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম

সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের মতো একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে । নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেনাবাহিনী চায় সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সীমিত আকারে চলমান প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনের সময় সেনাবাহিনীর করণীয়কে ফোকাসে রাখা হয়েছে। তিনি বলেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, তাই আমরা ‘উই ট্রেইন এজ উই ফাইট’ বলে থাকি।
তিনি উল্লেখ করেন, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বাইরে রয়েছে। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও বাইরে থাকলে প্রশিক্ষণে বাধা সৃষ্টি হবে। সেই সঙ্গে, এই দীর্ঘ সময়ের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।