ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
গতকাল রবিবার (২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ভোটার সংখ্যা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, “১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন এখন পর্যন্ত দেশের ভোটার। দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।”
প্রবাসীদের ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৬ নভেম্বর অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করবেন। প্রবাসীদের ভোটার করতে বিশ্বের ১১টা দূতাবাসে ২১টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে।”
এছাড়াও দেশে ভোটার তালিকা প্রকাশের প্রসঙ্গ টেনে আখতার আহমেদ বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে। এই ভোটার তালিকা দিয়েই হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচন।”