বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, খেলাধুলা জীবন উপভোগের অন্যতম মাধ্যম। এটি আমাদের নেতৃত্ব দেওয়া শেখায়। অধ্যবসায় ও সহনশীলতার পাশাপাশি হার ও জিত মেনে নেওয়ার মনন তৈরি করে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, “বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের খেলার মাঠ দরকার- তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুবসমাজকে মরণ ফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হতে হবে।”
বেসবল একসময় জনপ্রিয়তা পাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “হলিউডের সিনেমায় বেসবল খেলা দেখেছি। সেখানে দেখেছি এটা পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে। পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল। তবে আমাদের জন্য নতুন। জাতি হিসেবে আমরা অনেক নতুন খেলাকে গ্রহণ করেছি।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “এ খেলায় অভ্যস্ততা তৈরির মাধ্যমে আমাদের যুব সমাজ যেমন উপকৃত হবে তেমনি বিশ্ব দরবারে দেশের সন্মানও বাড়বে।”
উল্লেখ্য, বাংলাদেশ বেসবল- সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১২ টি দল। আগামী ১ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বেসবল- সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (এডমিন) কাজী মো. ফজলুল করিম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।