প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১১:১৯ পিএম

ফাইল ছবি
আগামী শুক্রবার ও শনিবার পূর্ণমাত্রায় কার্যক্রম চালু থাকবে। এ সময় ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক বিভাগ খোলা থাকবে। এ বিষয়ে আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের শুল্কায়ন দল এবং তাদের অধিক্ষেত্রের আওতায় এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট দুর্যোগ-পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যাবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে।
নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
সূত্রে জানা গেছে, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কুরিয়ার সার্ভিস এবং আমদানি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমদানিকারকদের অনেক পণ্য নষ্ট হয়ে যায়। স্বাভাবিক আমদানি কার্যক্রম দ্রুত পুনরায় চালু রাখতে এনবিআর শুক্রবার ও শনিবার ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় সব শুল্ক কর্মকর্তাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (আমদানি কমপ্লেক্সে) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে বিপুল পরিমাণ পণ্য ও অবকাঠামোর ক্ষতি হয়।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ