প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:৪৪ AM

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় কুপিয়ে ও তীর মেরে হত্যা করা হয়েছে তিন বাংলাদেশিকে। ঘটনার পর পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পতি মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০) নিহত হন।
স্থানীয় দৈনিক সংবাদপত্রের সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, বুধবার সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় পাহাড়ি আদিবাসীরা তাদের উপর হামলা চালায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা সংস্থা বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বাংলানিউজকে বলেন, রাতের সময় বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে পাঠিয়েছে। পাঠানো লাশের ছবির মাধ্যমে জুয়েল, পতি ও সজলকে শনাক্ত করা গেছে।
রাত ১২টায় ৫৫ বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ ও কুপিয়ে হত্যা করা মরদেহগুলো নিশ্চিতভাবে তিনজন বাংলাদেশির। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ