প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি জানান, শিক্ষকরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির জন্য আন্দোলন করে আসছেন। তবে এখন পর্যন্ত সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই আগামীকাল সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা।
একইসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, “আজ (সোমবার) রাতের মধ্যে যদি সরকার প্রজ্ঞাপন বা ঘোষণা না দেয়, তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।”
এদিকে, আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। পাশাপাশি, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচিও।
স্বদেশ প্রতিদিন/কেআইকে