প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:০৭ পিএম

সংগৃহীত ছবি
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। এ দাবিতে রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতেও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন।
এছাড়া সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সন্ধ্যা সোয়া ৭টার দিকে বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে দেশের সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।
তিনি আরও জানান, রাতে শিক্ষকদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সরকারের পক্ষ থেকে দাবি মানার বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক ছয়জন শিক্ষককে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রাত সোয়া ৭টার দিকে জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক ও সদস্যসচিবের উপস্থিতিতে তাদের মুক্তি দেওয়া হয়।
ছাড়া পাওয়া শিক্ষকরা হলেন— আনোয়ার হোসেন (নাগপুর, টাঙ্গাইল), আজাদ হোসেন মিরাজ (লক্ষ্মীপুর সদর), ইউসুফ আলী (পাবনা সদর), রেজাউল করিম (মুলাদী, বরিশাল), নেওয়াজ মোরশেদ (চাঁদপুর সদর) এবং মামুন মিজি (যাত্রাবাড়ী, ঢাকা)।
বর্তমানে দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মাসিক মাত্র এক হাজার টাকা করে বাড়িভাড়া ভাতা পাচ্ছেন। তাদের দাবি, এ ভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে নির্ধারণ করতে হবে।
যদিও গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষকরা রোববার (১২ অক্টোবর) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর