প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২:০৩ AM আপডেট: ১১.১০.২০২৫ ২:০৫ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনের সংবিধানগত বাধ্যবাধকতা বিলুপ্ত করার প্রস্তাবনা জানিয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ এই বিলুপ্তির প্রস্তাব অন্তর্ভুক্ত করার বিষয়টি তারা বিবেচনা করছে। চিঠিটি কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নামে বৃহস্পতিবার পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে জুলাই সনদ ২০২৫ প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক বৈঠক শেষ হয়েছে। এ পর্যায়ে, বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪ক-এ উল্লেখিত বিধান—যাতে জাতির পিতার প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয়, সব সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, এবং বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনে সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে—তার বিলুপ্তির প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত করার বিষয়ে কমিশন বিবেচনা করছে।
কমিশন চিঠিতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে, ১১ অক্টোবর শনিবার বিকাল চারটার মধ্যে তাদের লিখিত মতামত সরাসরি কমিশনের কাছে, ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে। প্রয়োজনে কমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্যও তথ্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি এখনও কোনো মতামত পাঠাননি।
পটভূমি হিসেবে উল্লেখযোগ্য, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। এতে শাসনতন্ত্রের প্রথম ভাগে ‘জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামের চতুর্থ ধারাটি সংযুক্ত করা হয়। এই অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও প্রদর্শনের সাংবিধানিক বাধ্যবাধকতা আরোপ করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ