প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের মেয়র অ্যানে হিদালগো।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি, আসন্ন জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বিশ্বমানবিক ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। আগামি ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে।’
তিনি জানান, এই নির্বাচন শুধু সরকার গঠনের নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করার একটি ঐতিহাসিক সুযোগ।
এছাড়াও বৈঠকে ২০২৪ প্যারিস অলিম্পিকে সামাজিক উদ্যোগগুলোর অংশগ্রহণ এবং ভবিষ্যতের অলিম্পিক- বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে পরিবেশবান্ধব (কার্বন নিরপেক্ষ) করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ইউনূস।
রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা একমত পোষণ করে বলেন, ‘শরণার্থী সংকটের টেকসই সমাধান ও তহবিল বৃদ্ধির জন্য বৈশ্বিক সহায়তা জরুরি। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন, রোহিঙ্গারা একদিন নিরাপদে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে।’
অধ্যাপক ইউনূস জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে, যেখানে দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হবে।
বৈঠকের শেষে তিনি মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা মানবিক সহযোগিতা ও সামাজিক উদ্যোগে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।
বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম