প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৯ AM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও ছাড়পত্র প্রদানে অনিয়ম বন্ধ করার জন্য জোরালো হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে বিশ্ব ব্যাংকের আয়োজনে তিনদিনব্যাপী পরিবেশ সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আইন প্রয়োগ মানে শুধু জরিমানা নয়, এতে জনগণের সম্পৃক্ততা ও বিকল্প ব্যবস্থা থাকতে হবে। সবচেয়ে বেশি দূষণকারী শিল্পগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তাদের নাম প্রকাশ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বন্যা প্রবাহ এলাকা বা পরিবেশগতভাবে সংবেদনশীল স্থানে বর্জ্য ফেলার কেন্দ্রের জন্য অবৈধ ছাড়পত্র দেওয়া যাবে না। রাজনৈতিক চাপ থাকলেও পরিবেশের সঙ্গে আপস করা যাবে না।’
এছাড়া, সব লাল ক্যাটাগরির শিল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ ও জনগণের মতামত নেওয়ার আহ্বান জানান।
তিনি একটি দূষণকারী সিরামিক কারখানাকে জাতীয় পুরস্কার দেয়ার প্রসঙ্গ তুলে বলেন, ‘দূষণকারীদের শাস্তি দিতে হবে, পুরস্কৃত নয়।’
অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম