প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ AM

সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরোনো কাজে ফিরে যাবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, “অল্প সময়েই আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।”
এছাড়াও আইএমএফ প্রধান জর্জিয়েভা এদিন বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন।
বাংলাদেশের অর্থনীতির প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, “আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।”
নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাবো।”