প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ১৯.০৮.২০২৫ ৩:২৬ PM

ফরিদপুরের মধুখালীতে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের শিকার হওয়ার পর নির্মমভাবে খুন হয়েছে প্রাথমিক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম তালুকদার (১১)। অভিযোগ উঠেছে, সৌদিপ্রবাসী শামীম তালুকদারের বাড়িতে দীর্ঘদিন কাজ করা তুহিন শেখ এ ঘটনায় মূল ভূমিকা পালন করে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় তামিম। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় মা খোঁজাখুঁজি শুরু করেন। ওই রাতেই অপহরণকারীরা ফোনে তামিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
পরিবার থানায় অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তুহিন শেখকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে সোমবার রাতে মধুখালীর বাঁশপুর এলাকার একটি ডোবা থেকে আর্বজনা দিয়ে ঢেকে রাখা তামিমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিশুটিকে তার পরনের গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তুহিনের সহযোগী আমিরুল ইসলামকেও (২৫) গ্রেফতার করা হয়েছে।
মধুখালী থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেবল মুক্তিপণের টাকা আদায়ের জন্যই শিশুটিকে অপহরণ করা হয়েছিল। আটক দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শিশুটির নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তামিমের পরিবার জানায়, মুক্তিপণ দিতে রাজি থাকার পরও ছেলেকে ফেরত পাওয়া যায়নি। এলাকাবাসী ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ