প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৯:০৬ PM

সংগৃহীত ছবি
আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হবে। জন্মাষ্টমী উদযাপনের অন্যতম আকর্ষণ হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় পলাশী মোড়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।
প্রতি বছরের মতো শোভাযাত্রা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উৎসব-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।
মতবিনিময় সভায় নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর ঘোষিত বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বাস্তবায়ন ব্যর্থ হচ্ছে। সাম্প্রদায়িক হামলা এবং নীরব চাঁদাবাজির কারণে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দু শিক্ষকদের হুমকি দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগকে অপ্রমাণিতভাবে ব্যবহার করে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বছরের ৮ আগস্ট ঢাকেশ্বরী মন্দিরে এসে ঘোষণা করেছিলেন, বাংলাদেশকে তিনি ‘এক পরিবার’ হিসেবে দেখতে চান। তবে সাম্প্রদায়িক হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কমিশনে সংখ্যালঘুদের অংশগ্রহণ নেই। নেতারা বলেন, নতুন বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং বৈষম্য দূর করতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি মনীন্দ্র কুমার নাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি বাবুল দেবনাথ, শ্যামল কুমার রায়, যুগ্ম সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন), ব্রজগোপাল দেবনাথ প্রমুখ।