প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:২৪ পিএম

আগস্ট মাসে দেশে তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি, মৌসুমি লঘুচাপ, নিম্নচাপ ও স্বল্পমেয়াদি বন্যা—সবকিছুরই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
আগস্টে দেশের কিছু এলাকায় ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক বা দুইটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
বৃষ্টিপাত প্রসঙ্গে পূর্বাভাসে বলা হয়, দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। তবে বিভিন্ন অঞ্চলে ৫ থেকে ৬ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মৌসুমি ভারি বর্ষণের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এ পূর্বাভাস বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন জলবায়ু মডেল ও উপাত্ত যেমন জিপিসিএস, ইসিএমডব্লিউএফ, এনওএএ, জেএমএ, আইআরআই, আরআইএমইএস ইত্যাদি বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ