
অনেকেই নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, তবে ‘কোরআন জার্নালিং’ বিষয়টি এখনো অনেকের কাছেই অপরিচিত। জার্নালিং মানে কেবল ডায়েরি লেখা নয়। এটি কোরআনের আয়াত থেকে পাওয়া জ্ঞান, অনুভূতি ও বাস্তব জীবনে তার প্রভাব লিপিবদ্ধ করার একটি পদ্ধতি।
কোরআন জার্নালিং কী?
এটি একটি ব্যক্তিগত নোটবুক বা জার্নাল, যেখানে পাঠক কোরআনের আয়াত পড়ে নিজস্ব ভাবনা, শিক্ষা ও অনুভূতি লিখে রাখেন। আয়াত থেকে হৃদয়ে যেটি সবচেয়ে গভীর প্রভাব ফেলে, সেটি আলাদা করে টুকে রাখা হয়, সেইসঙ্গে জীবনের ঘটনাবলির সঙ্গে তার মিলও খোঁজা হয়। এটি এমন এক আত্মিক চর্চা, যা ব্যক্তিকে আল্লাহর বাণীর সঙ্গে গভীরভাবে যুক্ত করে।
কেন করবেন কোরআন জার্নালিং?
যাঁরা কোরআনের অর্থ বুঝে আত্মস্থ করতে চান, কিন্তু মাদ্রাসায় পড়াশোনার সময় বা সুযোগ পান না, তাঁদের জন্য কোরআন জার্নালিং হতে পারে একটি কার্যকর ও অর্থবহ উপায়। ছোট একটি নোটবুক রাখলেই শুরু করা যায়। ধীরে ধীরে এটি জীবন ও মন দুটোই আলোকিত করতে পারে।
কিভাবে শুরু করবেন?
বিশেষজ্ঞরা বলছেন, কষ্টের সময় কিংবা আত্মিক উন্নতির সংকল্প নিয়ে শুরু করাটাই সবচেয়ে উপযুক্ত। সুরা ‘দুহা’ দিয়ে শুরু করা যেতে পারে, যা আশাবাদ ও আল্লাহর প্রতি আস্থার বার্তা বহন করে। যেমন:
“তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, তিনি তোমার প্রতি অসন্তুষ্টও নন।” (সুরা দুহা, আয়াত: ৩)
“আখিরাত তোমার জন্য এই দুনিয়ার চেয়ে অনেক ভালো।” (আয়াত: ৪)
কোরআন জার্নালিংয়ের উপকারিতা
১. আত্মিক সম্পর্ক গভীর হয় – আল্লাহর সঙ্গে সংযোগ তৈরি হয়, আয়াত বুঝতে ও হৃদয় দিয়ে উপলব্ধি করতে সাহায্য করে।
২. কষ্টে আশার আলো জাগায় – দুঃসময়ে মনোবল ধরে রাখতে সহায়ক।
৩. চিন্তার গভীরতা বাড়ায় – ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দেয়।
৪. নিজেকে বোঝার সুযোগ দেয় – আয়াতের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাওয়া যায়।
কোরআন জার্নালিংয়ের পদ্ধতি
• শিরোনাম দিন: আয়াত বা সূরার নাম সুন্দরভাবে লিখুন।
• অর্থ ও প্রেক্ষাপট বুঝুন: আয়াত কোথায়, কবে ও কেন নাজিল হয়েছে, তা জানার চেষ্টা করুন।
• মন ছুঁয়ে যাওয়া আয়াত লিখুন: আপনার হৃদয়কে নাড়া দিয়েছে এমন আয়াত বেছে নিন এবং তা লিখে রাখুন।
• ব্যক্তিগত ভাবনা লিখুন: আয়াতটি আপনার জীবনে কী অর্থ বহন করে, সেটি ব্যক্ত করুন।
• একটি দোয়া যোগ করুন: সবশেষে আল্লাহর দয়া ও পথনির্দেশ প্রার্থনা করুন।
কোরআন জার্নালিং থেকে প্রাপ্ত কিছু শিক্ষা
• ধৈর্য ও কৃতজ্ঞতা:
“একটি পবিত্র কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় মজবুত এবং শাখা আকাশে উঁচু…”
(সুরা ইবরাহিম, আয়াত: ২৪)
• পরীক্ষা ও সহনশীলতা:
“আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না।”
(সুরা বাকারা, আয়াত: ২৮৬)
• আল্লাহর ওপর ভরসা:
“যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।”
(সুরা তালাক, আয়াত: ৩)
• জীবনের উদ্দেশ্য:
“মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে সবচেয়ে ভালো কাজ করে।”
(সুরা মুলক, আয়াত: ২)
কোরআন জার্নালিং কেবল একটি লেখালেখির অভ্যাস নয়—এটি আত্মার খোরাক, আত্মবিশ্লেষণের সুযোগ এবং আল্লাহর বাণীর সঙ্গে গভীর সংযোগ গড়ার একটি চমৎকার পদ্ধতি। আপনার জীবনযাত্রায় এই অভ্যাসটি যুক্ত করতে পারেন যেকোনো সময়। কোরআনের আলোয় আলোকিত হোক আমাদের পথচলা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন—আমিন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ