প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:০২ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৮:১৩ PM

সংগৃহীত ছবি
নওগাঁর নিয়ামতপুরে নাতির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে ঘটনাস্থলেই হার্ট অ্যাটাকে মারা যান দাদা।
আজ শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নাতি সাব্বির রহমানের (১৫) মৃতদেহ পুকুরে ভাসতে দেখে মারা যায় দাদা আছির উদ্দিন (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান সাব্বির রহমান। রাতে বাড়ি ফিরে না আসলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সকালে খুঁজতে খুঁজতে সাব্বিরের দাদা গ্রামের পুকুরে গেলে নাতির ভাসমান মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এই দৃশ্য দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে ডাক্তারের কাছে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে, ঘটনাস্থলে পুলিশ এসে সাব্বির রহমানের লাশ উদ্ধার করে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) হাবিবুর রহমান বলেন, “সাব্বির রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।”
স্বদেশ প্রতিদিন/এমএএম