প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:০৮ পিএম

সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ের পর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। একইসঙ্গে আগামীকাল রবিবার (১৩ জুলাই) থেকে শুরু হয়ে দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।
শনিবার সকালে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের উপর মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কম থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি সক্রিয় রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ শনিবার থেকে শুরু করে আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি কিংবা অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী দুই দিন সারাদেশে তাপমাত্রা কিছুটা কমবে। তবে শনিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পরবর্তী দিনগুলোতেও দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তবে মঙ্গলবার ও বুধবারের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে এবং আবহাওয়া ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে।
এদিকে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ১৩ মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়া। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও বান্দরবানে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্বদেশ প্রতিদিন/ আরএফ