প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:০৬ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ৩:১২ PM

সংগৃহীত ছবি
নির্বাচনের পূর্বে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা হবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, “এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। সরকার সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অবহেলা সহ্য করা হবে না।”
সাংবাদিকদের আগের মতো প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে না এমনটা উল্লেখ করে তিনি বলেন, “এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাংবাদিকরা কোন বাধার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে পারবেন।”
প্রেস উইং আরো জানান, নির্বাচন পরিচালনায় যারা আগের অনিয়মে জড়িত ছিলো, তাদের বাদ দিয়ে যোগ্য ও সৎ কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। সাংবাদিক পাস ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মী যেন ভোটকেন্দ্রে প্রবেশ না করতে পারে, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার।
স্বদেশ প্রতিদিন/এমএএম