প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:৪৫ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট আগামী ১৬ মে থেকে বিক্রি শুরু করবেন বাস মালিকরা। ২৯ মে থেকে শুরু করে ঈদের আগ পর্যন্ত অগ্রিম বিক্রির আওতায় থাকবে এই যাত্রার টিকিট।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান।
ঈদযাত্রার বাসের আগাম টিকিট বিক্রির শুরুর জানতে চাইলে তিনি বলেন, আগামী শুক্রবার (১৬ মে) থেকে বাসের মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে কিনতে পারবেন বাসের টিকিট। তবে এবার অনেক পরিবহনই টিকিট বিক্রি করবে পুরোপুরি অনলাইনে। ফলে বাসের কাউন্টার ও অনলাইন উভয় মাধ্যমেই টিকিট পাবেন যাত্রীরা।
ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
এসি বাসের ভাড়া নিয়ে তিনি বলেন, গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়নি। ফলে মালিকরা তাদের বিলাসবহুল গাড়ি ও সুযোগ প্রদানের উপর নির্ভর করে সেই অনুযায়ী একটি ভাড়া নির্ধারণ করবেন।
উল্লেখ্য, শুভঙ্কর ঘোষ আরো বলেন, এবার এ বিষয়গুলো নিয়ে আমরা মালিকদের সাথে বসেছি। এসি বাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি